সাগরে নেমে দুই ভার্সিটি ছাত্রের মৃত্যু, নিখোঁজ ৪

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৫৬
সেন্ট মার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রের মৃত্যু হয়েছে। এরা হলেন- সাদ্দাম হোসেন অঙ্কুর (২৬) ও মফিজুল ইসলাম ইভান (২৫)। সাদ্দামের বাড়ি ঢাকায়। মফিজুলের বাড়ি রংপুরের পীরগঞ্জে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে সাগরে গোসল করতে নেমে নয়জন ভেসে যায়। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কোস্টগার্ডের স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ‘কুতুবদিয়া’ জাহাজে করে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষে ৩৪ জন শিক্ষার্থী সেন্ট মার্টিন ভ্রমণে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা দ্বীপের বাজার এলাকায় ‘সেন্ট শোর’ রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা দুইটার দিকে কয়েকজন ছাত্র দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকলে তরা হৈ চৈ শুরু করেন। স্থানীয় লোকজন এবং কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করে। তাদের স্পিডবোটে করে টেকনাফ উপজেলা হাসপাতালে আনা হলে সাড়ে ৩টায় চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় এখনো চারজন ছাত্র নিখোঁজ রয়েছেন। এরা হলেন- উদয় মাহমুদ, শাহরিয়ার কবির নোমান, সাব্বির হাসান ও গোলাম রহিম বাপ্পি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দিন জানান, ৩৪ জন গোসল করতে নামেন। ঢেউয়ে ভেসে গেছে বেশ কয়েকজন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার শহিদ বলেন, কোস্টগার্ডের সদস্যরা ভেসে যাওয়া ছাত্রদের মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল গফুর বলেন, এই ঘটনায় আমরা শোকহত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি টিম টেকনাফে গিয়ে এসেছে। যারা মুত্যুবরণ করেছে এবং নিখোঁজ রয়েছে তাদের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। রেজিস্ট্রার বলছেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের এই ভ্রমণ ছিল নিজস্ব উদ্যোগেই। ঘটনা শুনে কক্সাজার ছুটে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। তিনি সাংবাদিকদের বলেন, উদ্ধারের জন্য অপেক্ষা করা ছাড়া কিছু আপাতত করার নেই। তিনি জানান, সফরে থাকা ২৪ ছাত্র মঙ্গলবার দুপুরে ঢাকায় রওয়ানা হয়েছেন।