বাকৃবিতে প্রভোস্ট হাউজ টিউটরসহ ৪ জনের পদত্যাগ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৫৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষক সমিতির দাবির মুখে অবশেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং আশরাফুল হক হলের প্রভোস্ট ও দুই হাউজ টিউটর পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন। বেশিরভাগ দাবি পূরণ হওয়ায় আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এছাড়া আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরাও আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই তারা পদত্যাগ করেছেন। প্রসঙ্গত, গত ৩১ মার্চ রাতে ক্লাস-পরীক্ষা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে সায়াদকে হত্যা করা হয়।