প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উত্সাহ-উদ্দীপনা, উত্সবমুখর ও স্বতঃস্ফুর্ত পরিবেশে নববর্ষের উত্সব উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, নববর্ষ বয়ে আনবে আনন্দ-উচ্ছ্বাস, উন্নত সম্ভাবনাময় ও সুন্দর জীবন। পুরনো জঞ্জাল ধুয়ে-মুছে বাঙালির জীবনে নবযাত্রা শুরু হবে। তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সব বাঙালিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন।
গত সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, যতই দিন যাচ্ছে, উত্সবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে এই দিনটি পালিত হচ্ছে। তিনি বলেন, প্রতিটি জায়গায় খোঁজ রেখেছি। সারাদেশের মানুষ উত্সাহ-উদ্দীপনা ও নিরাপদে এ উত্সব পালন করছে। যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নববর্ষ পালন করছে তা যেনো পূরণ হয় এমন কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বনিতা প্রত্যেকে এই উত্সবে শামিল হয়েছে। বাঙালির জীবন নববর্ষের আলোয় উদ্ভাসিত হোক এই কামনা করি।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পর প্রধানমন্ত্রী সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মিষ্টি ও অন্যান্য খাবারে আপ্যায়িত করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, ডা. দীপু মনি এমপি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রমুখ।
