ওয়াশিংটনে অর্থমন্ত্রীর সঙ্গে ফখরুদ্দীনের সাক্ষাত্

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৫৯
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, স্থানীয় সময় রবিবার সকালে ওয়াশিংটন ডিসির সিটি সেন্টারে অবস্থিত ‘ওয়েস্টিন ওয়াশিংটন’ হোটেলে অর্থমন্ত্রীর স্যুইটে তারা সাক্ষাত্ করেন। আধা ঘণ্টাব্যাপী এ সাক্ষাত্কালে তাদের পাশে আর কেউ ছিলেন না। সিদ্দিকুর রহমান বলেন, বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে অর্থমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে যান ফখরুদ্দীন। ঠিক তখনই মন্ত্রীর কক্ষে ঢোকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সে সময় ফখরুদ্দীনের সঙ্গে দেখা হলেও আওয়ামী লীগের কারোরই তার সঙ্গে কোনো কথা হয়নি। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন দিনব্যাপী বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হিসেবে ওয়াশিংটনে যান অর্থমন্ত্রী। ওই সম্মেলনের শেষদিন ছিল রবিবার। এদিন সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থমন্ত্রীর মেক্সিকোতে যাওয়ার কথা রয়েছে। জলবায়ু ও উন্নয়ন শীর্ষক এক সম্মেলনে যোগদান শেষে বৃহস্পতিবার নিউ ইয়র্কে ফিরবেন তিনি।