রাজধানীতে গণজাগরণ মঞ্চের এক অংশের এক কর্মী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত হাসিব শিশির (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। আহত শিশির মঞ্চের কামাল পাশা অংশের কর্মী বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল পাশা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে বসুন্ধরা শপিং মল থেকে শাহবাগে ফিরছিলেন শিশির। বাংলাভিশন টিভি অফিসের সামনের রাস্তায় একটি সাদা প্রাইভেটকারে ৮-১০ ব্যক্তি তার পথরোধ করে ঘিরে ফেলে। ধারালো ছুরির ভয় দেখিয়ে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। উভয়পক্ষে ধস্তাধস্তি শুরু হলে আশপাশের পথচারীরা ছুটে আসে। দুর্বৃত্তরা গাড়ি নিয়ে দ্রুত ঐ স্থান ত্যাগ করে। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। ছুরিকাঘাত ও ধস্তাধস্তির সময় শিশিরের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। তার হাতের রগ কেটে দেয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা।
কামাল পাশার অভিযোগ, এ হামলা ইমরানের অনুসারীরা করতে পারে। অন্যরাও করতে পারে। এ বিষয়ে জানতে ইমরান এইচ সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, তিনি এ ঘটনার একটি অভিযোগ শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে খোঁজ নিয়ে এমন কোন ঘটনার প্রমাণ পায়নি। কেউ থানায় লিখিতভাবে অভিযোগও করেনি।
আলোকদীবাসীর সঙ্গে
শুভেচ্ছা বিনিময়
এদিকে গত সোমবার সকালে কাদের মোল্লা নির্যাতিত মিরপুরের আলোকদী গ্রামের বাসিন্দাদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের একটি দল। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীর পাশে ‘নববর্ষের অঙ্গীকার, নিপাত যাক রাজাকার’ স্লোগানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
