বিপুল উত্সাহ-উদ্দীপনায় দেশের সর্বত্র বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে যায় উত্সব। সর্বত্র বিরাজ করে সাজ সাজ রব। মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন স্থানে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
চট্টগ্রাম অফিস জানায়, পুরাতন বছরের গ্লানি ভুলে সুন্দর আগামীর প্রত্যাশায় ১৪২১ সালকে বরণ করে নিয়েছেন নগরবাসী। নগরীর রাজপথ থেকে কানাগলি পর্যন্ত সর্বত্র ছিল উত্সবের আমেজ। বর্ষবরণের আনন্দে মাতোয়ারা হয়েছেন লাখ জনতা। নববর্ষ উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নগরীতে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় ডিসি হিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য ও ফ্যাশন শো।
খুলনা অফিস জানায়, উত্সবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে খুলনায় পহেলা বৈশাখ পালিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও বাংলা নববর্ষ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নববর্ষ উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্কে টানা ৫ম বারের মতো নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে বিপুল উত্সাহ-উদ্দীপনায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উত্সবকে ঘিরে সোমবার সকাল থেকেই মহানগরীর পদ্মার তীর ও বিনোদন কেন্দ্রসহ প্রধান সড়কে মানুষের ঢল নামে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
সিলেট অফিস জানায়, সিলেটে মহাসমারোহে পহেলা বৈশাখ পালিত হয়েছে। ঐতিহ্যবাহী সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট এর আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উত্সব অনুষ্ঠিত হয়।
এরপর সমবেত সংগীত পরিবেশন করে আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান-বাংলাদেশ, দ্বৈতস্বর, চারুবাক, শ্রীনিকেতন, আজ মুক্তমঞ্চ শা.বি.প্র.বি, শিকড়-শা.বি.প্র.বি, ছন্দনৃত্যালয়, এ্যামেকা, মৃত্তিকায় মহাকাল, দ্বৈতস্বর, মুক্তাক্ষর, সিলেট আর্ট এন্ড কালচার, সুরাঞ্জলি, সুরের ভূবন, নৃত্যাশ্রম, নাট্যম সংগীত বিদ্যালয়। শ্রুতি সম্মাননা প্রদান করা হয় বিকালে।
