হাজারীবাগের ট্যানারি শিল্প স্থানান্তরে ব্যর্থতার অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের বর্তমান ও সাবেক ৭ সচিবসহ ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট। কেন তাদেরকে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করা হবে না, তা জানতে চেয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল জারি করেন।
২০০১ সালে হাইকোর্ট এক রায়ে ২ বছরের মধ্যে ট্যানারি শিল্প স্থানান্তরের নির্দেশ দেয়। পরে বিভিন্ন সময়ে সময় বাড়ানো হয়। সর্বশেষ ২০১০ সালের ৩০ অক্টোবর ট্যানারি স্থানান্তরে ৬ মাস সময় দেয়া হয়। কিন্তু এই সময় পেরিয়ে গেলেও ট্যানারি শিল্প স্থানান্তর সম্ভব হয়নি। এ কারণে রায় বাস্তবায়ন না করার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর এইসব কর্মকর্তারা শিল্প মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রায়ে ট্যানারি স্থানান্তরে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও কর্মকর্তারা আদালতের নির্দেশনা অমান্য করে অব্যাহতভাবে ঢাকার পরিবেশের ক্ষতি করেছেন।
