এমপি হিরনের অকাল মৃত্যু

নববর্ষে বরিশালের সর্বত্র শোকের ছায়া

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০৩
সাবেক মেয়র ও সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের অকাল মৃত্যুর কারণে এবার বরিশাল শহরে বর্ষবরণ অনুষ্ঠান অন্যান্য বারের মত হয়নি। অল্প পরিসরে মেলার আয়োজন করা হয়েছে তাও জমে উঠেনি। সর্বত্রই ছিল শোকের ছায়া। চারুকলায় মঙ্গল শোভাযাত্রাসহ বর্ষবরণের সকল উত্সব বাতিল করা হলেও উদীচীর আয়োজনে বরিশাল বিএম স্কুল মাঠে এবং চাঁদের হাটের আয়োজনে টিবি হাসপাতাল মাঠে বৈশাখী মেলার কার্যক্রম অব্যাহত রাখা হয়। তবে এসব মেলায় গান-বাজনা বা মাইকের কোন ব্যবহার ছিলো না। সোমবার সকাল ৮টায় বর্ষবরণের নিয়মিত অনুষ্ঠানের বদলে কালো পতাকা কর্মসূচি পালন করেছে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বিএম স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচিতে সমবেত হন নগরীর বিভিন্ন সাংস্কৃতিক দলের কর্মী-সংগঠকরা। সেখানে প্রভাতি অনুষ্ঠান, রাখী বন্ধন, মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, শওকত হোসেন হিরনের অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ষবরণের সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।