জাপানের রাষ্ট্রদূতের সম্মানে মোনঘরের পরিবেশনা

পাহাড়ের সংস্কৃতি ফুটে উঠল অনুষ্ঠানে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৭
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার সম্মানে পহেলা বৈশাখ সন্ধ্যায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে পাহাড়ের সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। পাহাড়ের সংস্কৃতি ফুটে উঠায় রাষ্ট্রদূত ও অতিথিগণ আনন্দ নিয়ে উপভোগ করেন সাংস্কৃতিক সন্ধ্যা। তখন পর্যটন কমপ্লেক্সে বৃষ্টি না হলেও অতিথিদের হূদয়-মন যেন ভিজে গিয়েছিল এক পশলা সুর ও ছন্দের বৃষ্টিতে। জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, চট্রগ্রামস্থ জাপানের অনারারি কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম ও জাপানের কর্মকর্তাসহ অতিথিগণ কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে ওই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য ফিরে পায় স্বস্তি। মোনঘর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমার সার্বিক তত্ত্বাবধানে কীর্তিনিশান চাকমা ও রিয়া চাকমার চমত্কার সঞ্চালনায় ইংরেজি, বাংলা ও চাকমা-এই তিন ভাষার সংমিশ্রণে প্রথমে সমবেত গানে সুর ও ছন্দে নৃত্য পরিবেশন করে আসমি চাকমা ও উত্তরা চাকমা। পরে মারমা গানের সুরে মারমা সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করে জেমমিন বম ও উবাচিং মারমা। অতঃপর ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাতারক বা বোতল নৃত্য পরিবেশন করেন লালছিম পাংখোয়া। সবশেষে ‘হোচ্যে গাবুরী ঝনাত ঝনাত ঠেঙত হাড়ু...’ এই চাকমা গানটির সুরে দলীয় নৃত্য পরিবেশন করে সূচনা চাকমা, প্রিন্সি চাকমা ও সেতু চাকমা।