সমবেত গানের বৈশাখ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ১৪২১ বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সকালে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রশাসন শহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর। পরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে পান্তা-ইলিশ খাওয়ার পর উপজেলা প্রশাসন চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মির্জাপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নৃত্য আর গানে পুরো অনুষ্ঠানমালা মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী।