ক্যাপ্টেন আমেরিকা—অপার শক্তি ও দুর্বার গতি তার। আর মনে রয়েছে জয়ের তীব্র আকাঙ্ক্ষা। সব মিলিয়েই এ সুপার হিরো সবার মন জয় করে নিয়েছে। আর তাই মার্ভেল আরও একবার রুপালি পর্দায় নিয়ে এসেছে ক্যাপ্টেন আমেরিকাকে। লিখেছেন প্রাঞ্জল সেলিম
রুগ্ন একটা ছেলে, তার খুব ইচ্ছে আর্মিতে যোগ দেবে। কিন্তু ফিটনেসের কারণে প্রতিবারই বাদ পড়ে যেতে হয় তাকে। কিন্তু তীব্র মনোবল থাকায় এক ডাক্তারের প্রস্তাবে সে একটা এক্সপেরিমেন্টে অংশ নিতে রাজি হয়। এক্সপেরিমেন্টের ফলাফল দাঁড়ায় অপার শক্তি। রুগ্ন সেই ছেলেটা রাতারাতি হয়ে যায় সুপার হিরো। আমেরিকার মাটিতে এই এ সুপার হিরোর নাম দেওয়া হয় ‘ক্যাপ্টেন আমেরিকা’। শক্তিতে কেউ পারে না তার সাথে। আর সেই সাথে তো রয়েছে বুদ্ধি। আলটিমেট ওয়ান ম্যান শো হয়ে দাঁড়ায় এই ক্যাপ্টেন আমেরিকা। একাই যেন একটা আর্মি কমান্ড সে।
এ গল্পের পথচলা শুরু ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমাটির হাত ধরে। মুক্তির সাথে সাথেই মার্ভেলের এই সুপার হিরো পায় বিপুল জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার সুবাদে আবারও একবার পর্দায় হাজির হলেন অভিনেতা ক্রিস ইভানস বা ক্যাপ্টেন আমেরিকা। ৩২ বছরের ক্রিস জনপ্রিয় হন মারভেলসের সুপার হিরো-নির্ভর চলচ্চিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা’ দিয়ে। তবে সম্প্রতি এ সুপার হিরো প্রস্তুতি নিচ্ছেন অভিনয়কে বিদায় জানানোর। এ সিরিজের নতুন কিস্তি ‘ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার’। এ ছবির কাজ শেষ করার মধ্য দিয়ে মারভেলসের সঙ্গে চুক্তি সমাপ্ত হচ্ছে ইভানসের।
এ বিষয়ে তিনি বলেন, ‘মারভেলসের সঙ্গে আমার কাজের মেয়াদ শেষ হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, সাময়িকভাবে অভিনয় থেকে বিরতিতে যাব আমি। অভিনয়জীবন হচ্ছে অনেকটা উপহার কেনার মতো। কিন্তু অসুবিধাটা হচ্ছে প্যাকেটটির ভেতর কী আছে, তা আপনি জানেন না। তাই কখনও আপনার ভাগ্যে জোটে সুন্দর কিছু, তো কখনও করুণ ঘটনার মুখোমুখি হতে হয়।’ তবে পর্দার সামনে থেকে অবসরের পরিকল্পনা থাকলেও ক্যামেরার পেছনে থেকে কাজ করতে যাচ্ছেন ইভানস। কারণ গত বছরের ডিসেম্বরে ‘১ :৩০ ট্রেন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। তাই ধারণা করা হচ্ছে, মারভেলসের এ সুপার হিরো এখন তার অতিমানবিক শক্তিটা হয়তো প্রয়োগ করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাণের কাজে। ‘দি অ্যাভেঞ্জার্স’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে প্রশংসিত হন এ অভিনেতা। গত বছর মুক্তি পাওয়া ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’-এর একটি বিশেষ দৃশ্যে দেখা যায় তাকে। আগামী বছর মুক্তির কথা রয়েছে অ্যাভেঞ্জার্সের নতুন সিক্যুয়েল। এখানে রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্যামুয়েল এল জ্যাকসন, স্কারলেট জোহানসন, মার্ক রাফেলোসহ অন্যান্য অভিনেতার সঙ্গে দেখা যাবে তাকেও।
এছাড়াও হলিউডি সিনিয়র আরেক অভিনেতা রবার্ট রেডফোর্ড ‘ক্যাপ্টেন আমেরিকা’র সিক্যুয়ালে অভিনয় করলেন। সুপার হিরোর অভিযান নিয়ে লেখা কমিক বই থেকে নির্মিত সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা :উইন্টার সোলজার’-এ ক্রিস ইভানস এবং সেবাস্টিয়ান স্টানের সঙ্গে অভিনয় করেছেন যাচ্ছেন ৭৬ বছর বয়সী রবার্ট রেডফোর্ড। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাপ্টেন আমেরিকা :দি ফার্স্ট অ্যাভেঞ্জার’ সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। সেই ধারাবহিকতায় মুক্তি পেল ‘ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার’। সিনেমাটিতে আগেরবারের মতো স্পেশাল ইফেক্ট ছাড়াও রয়েছে নানা ধরনের চমক।
সেই সাথে কাপ্টেন আমেরিকা ভক্তদের জন্য সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্রে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় মুক্তি পেল ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন ছবিটি। গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এ ছবি। আর মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। এক সপ্তাহের মধ্যে অন্য সব ছবিকে হটিয়ে জায়গা করে নিয়েছে টপচার্টের শীর্ষে। ১৪০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এ ছবি এরইমধ্যে আয় করেছে ৩০৮ মিলিয়ন ডলারের বেশি। অ্যান্থনি এবং জো রুশোর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন, সেবাস্টেইন স্ট্যান, অ্যান্থনি ম্যাকি, ফ্র্যাঙ্ক গ্রিলাসহ আরও অনেকে।
