মিডিয়ার তার পথচলা শুরু খ্যাতিমান নির্মাতা ফেরদৌস হাসান রানার হাত ধরে। তার সাথে যুক্ত হওয়ার গল্পটাও বেশ মজার। সৈয়দ জামিমের ভাষ্যে, ‘আমি তখন ডেইলি সোপ ‘মহানগর’-এর প্রধান সহকারী পরিচালক। আর এর পরিচালক ছিলেন আমার গুরু ফেরদৌস হাসান ও সাজ্জাদ সুমন। কিছুদিন যাওয়ার পর রানা ভাই সাজ্জাদ সুমনের স্থানে আমাকে প্রবেশ করায়। শুরু হয় আমার পরিচালনার নতুন জীবন। আর এর জন্য আমি রানা ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছি আর থিয়েটার করছি। হঠাত্ সেই বন্ধুই আমাকে প্রস্তাব দেয় সহকারী পরিচালক হিসেবে কাজ করার জন্য, আমি রাজি হই এবং শুরু করি মাসুম আজিজের সাথে পথ চলা। এরপর কাজ করতে গিয়ে নাটক ও এর নির্মাণ সম্পর্কে ধীরে ধীরে জানলাম ও বুঝলাম।’ নাটক নির্মাণ শিখে তিনি বানাতে শুরু করলেন বিচিত্র সব নাটক। যেগুলো দর্শকনন্দিত হয়েছে। এর মধ্যে ‘মহানগর’, ‘সে আমার একলা পাখি’, ‘সাদা কাগজ’, ‘টাকার বৃত্ত’, ‘শুভ্র সকাল’, ‘পথ জানা নাই’, ‘কেমন আছো তুমি’, ‘আমার অকাল বসন্তকাল’, ‘সহজ মানুষ’, ‘সাত কন্যা’, ‘একটা কথা ছিল বলবার’, ডেইলি সোপ ‘একদিন প্রতিদিন’ উল্লেখ্যযোগ্য। তার নির্মিত নাটক দেখেই বোঝা যায়, তিনি একজন গুণী নির্মাতা। তিনি দীর্ঘ ৮ বছর যাবত পরিচালনার সাথে যুক্ত। তিনি এই প্রজন্মের পরিচালকদের চেয়ে সবচেয়ে বেশি আয়ও করেন। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। সম্প্রতি আমেরিকায় বড় একটি ফ্যাশন ইভেন্টের নির্দেশনা দিয়েছেন। তার স্বপ্ন চলচ্চিত্র নির্মাণের। এ প্রসঙ্গে জামিম বলেন, ‘আমার মনে হয় নির্মাণের সার্থকতা হলো বড় পর্দা। আর আমার ক্ষেত্রেও এর বিকল্প নেই। তাই আমার বর্তমানের পরিকল্পনা ছবি নির্মাণ করা। আমি ভালোমানের কমার্শিয়াল মুভি বানাতে চাই। যা হবে দর্শকনন্দিত। সেভাবেই কাজ এগিয়ে চলছে। আমেরিকাতে থেকেই আমার প্রথম চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এ জন্য আমি সবার দোয়া চাই।’
