গতকাল শেয়ারবাজারে বড় মূলধনী কোম্পানিগুলোর কয়েকটিতে দর সংশোধন হয়েছে। ফলে বাজারের সূচকও কমেছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, কয়েকদিন ধরে বড় মূলধনী কোম্পানিগুলোর দর বৃদ্ধির পর স্বাভাবিক নিয়মেই দর পতন হয়েছে। এ কোম্পানিগুলোর দর পতন হয়েছে দেড় শতাংশেরও বেশি। তবে লেনদেনের সময় একদিন কমলেও বাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগে এর প্রভাব পড়েনি। তাই লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স। আর দর কমার ক্ষেত্রে এগিয়ে ছিল এনভয় টেক্সটাইল ও গ্রামীণফোন।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে সার্ভার সমস্যার কারণে গত রবিবার লেনদেন সাময়িক বন্ধ থাকার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ব্যাখ্যা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, সেদিন সকাল ১০টার দিকে কতিপয় ব্রোকারেজ হাউস লগইন সংক্রান্ত সমস্যায় পড়ে। যা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান হয় এবং যথারীতি সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর কিছুক্ষণ পর একই সমস্যা দেখা দেয়। সমস্যার দৃশ্যত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় সার্ভার রি-স্টার্ট (পুনরায় চালু করা) দেয়া হয় যাতে সদস্যরা (ব্রোকারেজ হাউস) পুনরায় লগইন করতে পারে। এরপর মূল রাউটার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ফাংশন রি-স্টার্ট দেয়া হয়। এছাড়া তত্ক্ষণাত্ অ্যাপ্লিকেশন সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সচেঞ্জিং সল্যুশন, ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ নেয়া হয়। পরামর্শ অনুযায়ী দুপুর পৌনে ১২টার দিকে সমস্যার সমাধান হয়। এরপর সকল হাউস লগঅন করতে সক্ষম হয়। পরে ডিএসই’র ব্যবস্থাপনা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর সোয়া একটায় লেনদেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে ডিএসই আইসিটি টিম এবং এক্সচেঞ্জিং-এর টেকনিক্যাল টিম বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে যাতে সমস্যার মূল কারণ উদঘাটন করা যায় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে।
