কুমিল্লার মুরাদনগরে বৈশাখী মেলায় তরুণীকে উত্ত্যক্ত করা নিয়ে কুমিল্লার তিতাস ও মুরাদনগর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আবু তাহের নামে একজনকে আটক করেছে। গত মঙ্গল ও বুধবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতি বছরের মতো গত মঙ্গলবার মুরাদনগর উপজেলার জাহাপুর কমলাকান্ত জমিদার বাড়ি রথখোলা মাঠে বৈশাখী মেলা বসে। মেলা দেখতে এসে পাশের তিতাস উপজেলার হারাইকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন জাহাপুর গ্রামের হিন্দু সমপ্রদায়ের একটি মেয়েকে উত্ত্যক্ত করে। জাহাপুর গ্রামের তরুণরা এই বিষয়ে প্রতিবাদ করলে একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়ভাবে তাদের মধ্যে বিরোধ মীমাংসা করে দিলেও গতকাল বুধবার ইয়াছিন তার গ্রামের লোকজনকে নিয়ে এসে মেলায় এবং জাহাপুর বাজারে হামলা চালায়। এসময় বাজারের দোকানে ভাংচুর ও লুটপাট শুরু করলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জাহাপুর গ্রামের ১৬ জন ও হারাইকান্দি গ্রামের ৪ জন আহত হয়। মুরাদনগর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে। থানার এসআই আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা ৫ ও তিতাস থানা পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
