কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত এক নেতার অবশেষে ঠাঁই হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদে। অনিয়ম, দুর্নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়। এর এক সপ্তাহ না যেতেই জোর লবিং চালিয়ে তিনি আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক পদটি পান। এ নিয়ে কৃষক লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রায় ৫ শতাধিক নেতা।
জানা গেছে, এক ব্যক্তির একাধিক সংগঠনের দায়িত্ব পালনের ইতিহাস গড়েছেন কৃষক লীগের সাবেক এই নেতা। জনতার প্রত্যাশা ছাড়াও তিনি বঙ্গবন্ধু একাডেমী, আওয়ামী তরুণ লীগ, মুক্তিযোদ্ধা সন্তান (হুমায়ুন), মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাহিত্য লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগ, বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ, বাস্তুহারা লীগ, রিকশা শ্রমিক লীগ, হকার্স লীগ, বঙ্গবন্ধু কবিতা পরিষদ, বঙ্গবন্ধু হোমিওপ্যাথি লীগ, আওয়ামী যাদু শিল্পি পরিষদ, বঙ্গবন্ধু গণতান্ত্রিক লীগসহ ১৫টি সংগঠনের বিভিন্ন পদ দখল করে আছেন। প্রতিদিন একাধিক প্রোগ্রামে তার চেহারা দেখা যায়।
