নতুন ছবির হিসাব মেলাতে বেশ গোলমেলেই হয়ে যাচ্ছেন শাকিব খান। একে তো বড় বাজেটের কাজে হাত দিয়েছেন। আর প্রযোজক হয়েছেন বলে সহকর্মী প্রযোজকদের সাথেও বিবাদ মিটিয়ে ফেলেছেন। কিন্তু এরপরও যে বিশাল বাজেটের শুটিং করছেন তাতে লগ্নি উঠে আসা কষ্টকর বলে দাবি করছেন অনেকেই। শাকিব বলেন, ‘আমার নিজের প্রযোজনার প্রথম ছবি। তাই যাতে দর্শকেরা নতুন কিছু পায় সেই চেষ্টাটাই করছি এখন। ঢাকার একাধিক স্থানে শুটিং শেষ করে লন্ডনে বাকি শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সেভাবেই ছবির কাজ এগোচ্ছে।’ কিন্তু শাকিবের বর্তমান জনপ্রিয়তার গুনে প্রযোজনার টাকা উঠে আসবে কি না এই শঙ্কাতেই এখন তিনি ছবি রিলিজের আগেই কর্পোরেট স্পন্সর খুঁজছেন। এদিকে শাকিবের ছবি ‘হিরো :দ্য সুপারস্টার’ নিয়ে তার দুই হিরোইন অপু বিশ্বাস ও ববি নিজেদের একাধিক ইন্টারভিউতে বলছেন একেক কথা। ববি দাবি করছেন, তিনিই ছবির মূল নায়িকা। অন্যদিকে শাকিবের দীর্ঘদিনের জুটি অপু বিশ্বাস দাবি তুলছেন, ‘শাকিব-অপু যে ছবিতে থাকে সেই ছবি মাধুরী এলেও দর্শকেরা মূল নায়িকা আমাকেই বলবেন।’ তাই এই মজার তথ্যগুলো ছবির ব্যবসার জন্য কতটা সুখবর না দুঃসংবাদ বয়ে আনে সেটিই এখন দেখার বিষয়। এদিকে আমাদের দেশে ভারতীয় বাংলা ছবির প্রচারের বিষয়টিও তার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখনকার ছবির প্রচারণার ও প্রজেকশনের জন্য তিনি জ্যাজ মাল্টিমিডিয়ার সাথেও দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছেন। এখন দেখা যাক, শাকিবের প্রথম প্রযোজনার ছবি কতটা সফলতার আলো দেখতে পায়।
