আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘আবহমান বৈশাখ’ কনসার্টে গাইবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও মমতাজ। সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট ও এটিএন বাংলার যৌথ আয়োজনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে মমতাজ ও কনকচাঁপা ছাড়াও সংগীত পরিবেশন করবেন রবি চৌধুরীসহ আরও অনেক শিল্পী। এ ছাড়া থাকবে নৃত্য পরিবেশন এবং মীরাক্কেল সদস্যদের কৌতুক পরিবেশনসহ অন্যান্য আয়োজন। ঢাকা ক্যান্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, সেনা সদস্য ও তাদের পরিবারসহ কয়েক হাজার সদস্য কনসার্টে সরাসরি অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান, পরিচালক, উপদেষ্টামণ্ডলী এবং অন্যান্য কর্মকর্তা। খন্দকার ইসমাইল এবং একজন সেনা কর্মকর্তার উপস্থাপনায় এবং মুকাদ্দেম বাবু ও নবুয়াত রহমানের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা আজ ৭টার সংবাদের পর। এ অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা প্রসঙ্গে উপস্থাপক খন্দকার ইসমাঈল বলেন, ‘বৈশাখ নিয়ে এ ধরনের উদ্যোগে অংশ নিতে আমার নিজেরও ভালো লাগে। কারণ বড় ভেন্যুতে দেশের শীর্ষ দুই শিল্পী ও কলাকুশলীর এই কনসার্টটি দর্শকেরা দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। এছাড়া নিজের প্রস্তুতি বলতে সাধারণত গুণী শিল্পীদের অংশগ্রহণে এ ধরনের কনসার্টে আমি শুধু দর্শকদের সাথে থেকেই সময়টাকে সাজানোর চেষ্টা করি মাত্র। তবে গান, কৌতুক ও নৃত্য সবকিছুর আয়োজনে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পাবে বলে আমার বিশ্বাস।’
