গলাচিপায় আমখোলা খালের ওপর আয়রন স্লিপার ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় ছয় গ্রামের দশ হাজারেরও বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। এছাড়া ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিশু-কিশোররা। ঝুঁকি নিয়ে স্কুল-কলেজগামী শত-শত ছাত্র-ছাত্রী কলাগাছের ভেলা অথবা নৌকায় পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। তবুও ব্রিজটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। অন্যদিকে খালের মধ্যে ব্রিজটি ভেঙ্গে পড়ায় আমখোলা খালে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামে আমখোলা খালের ওপর প্রায় দুই যুগ আগে এলজিইডি একটি আয়রন স্লিপার ব্রিজ নির্মাণ করে। ২০০৭ সালে সিডরে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। এ ব্রিজের উপর দিয়ে এক মাস আগে একটি মাল বোঝাই ভ্যান যাওয়ার সময় হঠাত্ ব্রিজটি বিধ্বস্ত হয়। এ কারণে আমখোলা, তাফালবাড়িয়া, মুসুরিকাঠি, বাঁশবুনিয়া, নিজসুহরি, কালাই কিশোর গ্রামের দশ হাজারেরও বেশি মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। এ ব্যাপারে আমখোলা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষে এই ব্রিজ সংস্কার করা সম্ভব নয়। তবে ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
