ভোলার জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা-তজুমদ্দিন নৌরুটের যাত্রীবাহী সী-ট্রাক গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে এপার-ওপারের শত শত যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পাশাপাশি এখানকার বাসিন্দারা জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বার বার এই রুটে সী-ট্রাকটি বন্ধ থাকার প্রধান কারণ বলে মনে করছেন সচেতন মহল। সরেজমিন গিয়ে দেখা যায়, বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের নৌ পথের যোগাযোগের একমাত্র মাধ্যম সী-ট্রাক। প্রতিদিন সকাল ১০টায় হাজিরহাট ঘাটে শত শত যাত্রী এসে ফিরে যাচ্ছে। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ছোট ট্রলার দিয়ে ওপারে যাচ্ছে। ফিটনেস বিহীন এসব ট্রলার যে কোন সময় নৌ দুর্ঘটনায় প্রাণহানীর মত ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় যাত্রীরা ক্ষোভের সাথে বলেন, নেতারা ও প্রশাসনের বড় বড় অফিসাররা যেন চোখে দেখে না। যাত্রীদের চরম দুর্ভোগ তাদের কিছুই যা আসে না। নেতারাও কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে জীবনের ঝুঁকি নিয়ে শত শত যাত্রী ছোট ট্রলার দিয়ে মেঘনা পাড়ি দিচ্ছে।
