দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুইদিনে সাতজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
শেরপুরে বৈশাখী পোশাক
পরা শিশুর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ফকির তলায় নির্মাণাধীন নারিশ ফিডস কোম্পানির চত্বর থেকে গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় (১০) এক শিশুর গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। শিশুর পরনে ছিল ব্লু রং এর জিন্স প্যান্ট, সাদা লাল সবুজ ও হলুদ রং এর বৈশাখী নতুন ফতুয়া।
শিবগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল বুধবার সকালে জমি বিরোধে কুপিয়ে আ. করিম (২৫) নামে ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে চাচা মনিরুল। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কর্নখালি গ্রামে মৃত উসমান গনির ছেলে মনিরুলের সাথে তার ভাতিজা আ. করিমের কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল করিমকে হাসুয়ার কোপ দিলে সে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদীতে পিটিয়ে চাচাকে হত্যা
পাবনার ঈশ্বরদীর গোয়ালবাথান পূর্বপাড়া গ্রামে গত মঙ্গলবার জমি বিরোধের জের ধরে হাফিজুর রহমান খান (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা মিজানুর রহমান রিতু। মূলাডুলির ইউপি সদস্য মজিবর রহমান জানান, জমি নিয়ে মিজানুর রহমান ও হাফিজুরের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে গত সোমবার রাত ২টায় মিজানুর চাচার ঘরের বেড়া ভাংচুরের চেষ্টা করে। এ সময় হাফিজুর ঘর হতে বেরিয়ে এলে মিজানুর লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান।
কুমিল্লায় পুত্রের হাতে মা খুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাজগড্ডা গ্রামে গত মঙ্গলবার বিকালে নেশাসক্ত ও বখাটে পুত্রের হাতে ওয়াহিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। পুলিশ নেশাসক্ত পুত্রকে আটক করেছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান জানান, ছেলে টাকার জন্য তার মাকে হত্যা করেছে।
দীঘিনালায় স্বামীর হাতে স্ত্রী খুন
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পূর্ব থানাপাড়া এলাকায় গত মঙ্গলবার রুবি বেগম (২৫) নামে এক গৃহবধূ স্বামী মনিরুল ইসলামের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ স্বামী মনিরুল ইসলামকে আটক করেছে। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু ও পরিবারের লোকজনের পক্ষের ধারণা যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী মনিরুলই রুবিকে শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে দীঘিনালা থানায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাত পরিচয় গুলিবিদ্ধ এক ব্যক্তির (৪৫) হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। পরনে ছিল সাদা পাঞ্জাবী ও চেক লুঙ্গি। এর আগে সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বড় বিল থেকে হাত পা বাঁধা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়।
নরসিংদীতে যুবক খুন
নরসিংদী শহর এলাকার উত্তর সাটিরপাড়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় (২২) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নরসিংদী সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
