সিনেমা, ক্রাইম আর ক্রিকেট — অনেকে বলে থাকেন এই তিন ‘সি’ কে একই ছায়াতলে নিয়ে আসে ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের এই আসরটি এই তিনটি অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছে।
আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএলের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। সকালে মুম্বাইয়ের কোর্টে হয় আইপিএল কেলেঙ্কারীর শুনানী। এর আগে গত মঙ্গলবার মরুর বুকে হয়ে গেল আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর এর মধ্য দিয়ে যাত্রা শুরু করলো টুর্নামেন্টটির সপ্তম আসর। ক্রিকেটারদের উপস্থিতিতে মঞ্চ মাতিয়েছেন বলিউড কাঁপানো তারকারা। ছিলেন শাহরুখ খান, সালমান খান, মাধুরী দিক্ষিত, ক্যাটরিনা কাইফ, দিপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরারা।
