ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী মিছিল, আটক ৫৪

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:০৩
ব্রাজিল পুলিশ গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ প্রদর্শনকালে ৫৪ ব্যক্তিকে আটক করেছে। এ সময় বিক্ষোভকারীরা দুটি ব্যাংকেও ভাংচুর চালিয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। প্রায় এক হাজার বিক্ষোভকারী সাও পাওলোর প্রাণকেন্দ্র এবিনিদা পাওলিস্তা সড়কে মিছিল করে। এখানেই ১২ জুন অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। এ সময় তারা বিভিন্ন স্লে¬াগান সম্বলিত ব্যানার বহন করে। ওইসব ব্যানারে তারা কোটি কোটি ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ টুইটারের মাধ্যমে জানিয়েছে যে, বিশৃঙ্খলা উসকে দেয়ার অভিযোগে তারা সেখান থেকে ৫৪ জনকে গ্রেফতার করেছে। মিছিলের শুরুতে তারা একটি ব্রাজিলীয় পতাকাও পুড়িয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা দুটি ব্যাংকের শাখা অফিসের জানালা ভেঙ্গে দেয়। পুলিশ তাদের ঘিরে রাখলেও তারা সড়কটির ব্যারিকেড সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এর আগেও সাও পাওলোতে বিশ্বকাপ বিরোধী একাধিক বিক্ষোভ হয়েছে, তবে সেগুলো ছিল অপেক্ষাকৃত শান্তিপূর্ণ। গত বছরের জুনে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন কাপ চলাকালেও ব্যাপক আন্দোলন হয়েছে। এ সময় ১০ লাখেরও বেশি ক্ষুব্ধ জনতা শিক্ষা, যাতায়াত, ব্যাপক দুর্নীতি প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিল। তবে সাম্প্রতিক আন্দোলনগুলো ছোট হলেও বেড়ে গেছে সহিংসতার মাত্রা। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। ফলে পুলিশও মাঝে-মধ্যে তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। নতুন করে দানা বেধে ওঠা বিক্ষোভ দমনে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করছে। ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল শেষ হবে রিও ডি জেনিরোতে ১৩ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্যদিয়ে। স্বাগতিক ব্রাজিল এবারের আসরে শিরোপা জয়ের শক্তিশালী দাবিদার। বাসস/এএফপি