পে-স্কেল ২০১৪ ঘোষণা চাই

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২২:৪৯
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী বাজেটেই পে-স্কেল দেয়ার লক্ষ্যে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়েছে। আমরা চাকরিজীবী ভেবেছিলাম ২০১৪-২০১৫ অর্থবছরের ১ জুলাই ২০১৪ থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে। কিন্তু সম্প্রতি পে-অ্যাণ্ড সার্ভিসেস কমশিনের চেয়ারম্যান কমিশনের কাজের ধীরগতির কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়ানো হলে মূল্যস্ফীতি ঘটবে, সেজন্য বেতনভাতা না বাড়িয়ে বই-খাতা দেয়াসহ চাকরিজীবীদের জন্য বীমা চালু করার বিষয়ে সুপারিশ করা হবে। কমিশনের এ ধরনের বক্তব্যে আমরা হতাশ। উল্লেখ্য যে, বর্তমান সরকারের আমলেই সম্প্রতি রাষ্ট্রায় ব্যাংকের নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীগণ সরকারি চাকরিজীবীদের চেয়ে অনেক বেতন ভাতা পাচ্ছেন। হাজার হাজার কোটি কালো টাকা বাজারে ঘুরপাক খাচ্ছে। যা নিয়ন্ত্রণ না করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিকে মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা যৌক্তিক নয়। ৫ বছর অন্তর অন্তর নতুন পে-স্কেল পাওয়া চাকরিজীবীদের ন্যায়সঙ্গত অধিকারী যেহেতু ক্রমাগত বাজারদর বাড়ছে সেহেতু নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি। ১ জুলাই ২০১৪ থেকে বেতন ভাতা বৃদ্ধিসহ নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এ রহমান, ডাক ভবন, ঢাকা ১০০০।