বগুড়ায় প্রধান শিক্ষকের হাত ভাঙলেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩২
বগুড়ার নন্দীগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়ার পাশাপাশি ছুরিকাঘাত করেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীরা। রাশেদুল ইসলাম নামে ওই প্রধান শিক্ষককে রক্ষা করতে গিয়ে অপর এক শিক্ষকও হামলার শিকার হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত প্রধান শিক্ষককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম জানান, গতকাল তিনি বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে পণ্ডিতপুকুর যাচ্ছিলেন। পথিমধ্যে বেলঘরিয়া নামক স্থানে আওয়ামী লীগ নেতা রাজিবুল ইসলামসহ ৬ থেকে ৭ জন লোক তাদের গতিরোধ করে। কোন কথা না বলেই তারা মারপিট শুরু করে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে তার বাম হাতে আঘাত করে ভেঙে দেয়ার পাশাপাশি বাম উরুতে ছুরিকাঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে শিক্ষক ইউসুফ আলী তাকে রক্ষা করতে যান। এসময় তার ওপরেও হামলা চালানো হয়। প্রধান শিক্ষক জানান, সমপ্রতি তার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। ওই কমিটিতে রাজিবের ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্থান না পাওয়ায় রাজিব ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, রাজিবুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ওপরে হামলার বিষয়টি তারা শুনেছেন বলে ওই দুই নেতা উল্লেখ করেন।