শেষ ধাপে ১৪ উপজেলার ভোট ১৯ মে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৩
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে টানা পাঁচ ধাপের নির্বাচন সম্পন্নের পর এবার ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ শেষ ধাপে ১৪টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে ১৪টি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ এপ্রিল ও বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ মে। তফসিল ঘোষণাকালে সিইসি বলেন, অন্য যে কয়েকটি উপজেলায় নির্বাচন বাকি থাকবে, সেগুলোতে পরে বিভিন্ন সময় ভোট গ্রহণ হবে। নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানান সিইসি। এর আগে সকালে নির্বাচন কমিশনের বৈঠকে ১৯ মে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। ষষ্ঠ ধাপে যেসব উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল- রংপুরের কাউনিয়া, সদর, গঙ্গাচড়া, পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলি; পটুয়াখালীর রাঙ্গবালি; রাজবাড়ীর কালুখালী; নারায়ণগঞ্জের বন্দর; গাজীপুরের সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর; কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় ওই একই তফসিলে তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।