পরিদর্শনে কারখানা বন্ধ হলে মজুরি পরিশোধে সহায়তার প্রতিশ্রুতি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৪
পরিদর্শনে ত্রুটিমুক্ত বিবেচিত শেয়ারড ভবনে (গার্মেন্টস কারখানার পাশাপাশি অন্য কার্যক্রম চলে এমন ভবন) অর্ডার প্রত্যাহার না করতে সম্মত হয়েছে উত্তর আমেরিকার কারখানা পরিদর্শক জোট অ্যালায়েন্স অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। এছাড়া পরিদর্শনে বড় রকমের ত্রুটির কারণে কোন কারখানা বন্ধ করে দিতে হলে ওই কারখানার শ্রমিকদের মজুরি প্রদানে সহায়তা করতেও সম্মত হয়েছে তারা। আর একই মানদণ্ডের আওতায় কারখানা পরিদর্শন করতে পরিদর্শনকারী সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজি করাতে সরকারকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে এই সম্মতির কথা জানান উত্তর আমেরিকার ক্রেতাদের এই জোটের নেতৃবৃন্দ। বৈঠকে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে কারখানা পরিদর্শনের পরও অর্ডার দেয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়। তারা বলেন, ত্রুটিমুক্ত বিবেচিত হওয়ার পরও শেয়ারড ভবনে ওয়ালমার্টসহ উত্তর আমেরিকার কয়েকটি ব্র্যান্ড অর্ডার দেয়া বন্ধ করে দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান কচি, শহীদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ, অ্যালায়েন্সের পক্ষে অ্যালেন টসারসহ ওয়ালমার্ট, গ্যাপ, টার্গেট, ভিএফ কর্পোরেশন, গ্যাপ এর প্রতিনিধিরা।