মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে কুমিল্লায় জানু মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর নলুয়াপাড়া নবগ্রাম বউবাজার এলাকায় প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রকি (৩২) নামে একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে জনতা মঙ্গলবার গভীর রাতে ও গতকাল বুধবার বেলা ১১টার দিকে রকির স্বজন ও প্রতিবেশীদের ৭টি ঘর ও একটি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, নগরীর সুজানগর সংলগ্ন নলুয়াপাড়ায় প্রকাশ্যে নবগ্রাম এলাকায় শের আলীর পুত্র রকি দীর্ঘদিন যাবত্ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মাদক বিক্রি করে আসছিল। তার এ মাদক ব্যবসায় বিভিন্ন সময় একই গ্রামের জানু মিয়ার পুত্র জামাল হোসেন বাধা দেয়। এতে রকি ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে জামাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে জামালের পিতা জানু মিয়া বাড়িতে আসলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। এসময় আরো কমপক্ষে ১০ জন আহত হয়। সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা জানু মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় জানু মিয়ার পুত্র শাহ আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে রাত ১২টায় উত্তেজিত জনতা রকির বাড়িঘর ভাংচুর করে। পরে রকির মামা হানু মিয়া ও মামাতো বোন নাসরিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে নাসরিনের বাড়িসংলগ্ন আরো ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নুর আলম, আশ্রব মিয়া, আলমগীর, পারভেজ ও মান্নান ক্ষতিগ্রস্ত হয়। বুধবার বেলা ১১টার দিকে রকির খালা পাখি বেগমের বাড়িও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি ঘরের নগদ অর্থসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
