২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ বিএনপির

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৬
বিএনপি আগামী ২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ করবে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই লংমার্চের ঘোষণা দেয়া হয়। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ে এক ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা ব্যারেজে দীর্ঘদিন ধরে ন্যায্য পানি পাচ্ছে না বাংলাদেশ। উজান থেকে নেমে আসা পানি ভারত একতরফাভাবে সরিয়ে নেয়ায় ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। মির্জা আলমগীর বলেন, ২২ এপ্রিল সকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু হবে এবং বিকাল ৪টায় রংপুরে সমাবেশ এবং পরদিন ২৩ এপ্রিল দুপুর ২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতা-কর্মী ছাড়াও অন্য সাধারণ নাগরিকদের এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।