সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা, আমি থাকলেও হতো

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪০
উপজেলা নির্বাচনের সব সহিংসতাই বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, তিনি দেশে অবস্থান করলেও উপজেলা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তা হতো। তিনি বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আমার উপস্থিতি বা অনুপস্থিতি প্রভাব ফেলেনি। প্রায় দেড় মাস আমেরিকা ভ্রমণ শেষে গত মঙ্গলবার অফিস করেন সিইসি। গতকাল বুধবার বিকালে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। এসময়ে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের সহায়তায় আগের রাতে ব্যালট পেপারে সিল দেয়া, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, ব্যালট ছিনতাই, উপজেলা নির্বাচনের মাঝপথে বিদেশ ভ্রমণ, নির্বাচনী ব্যবস্থাপনা ভেঙ্গে পড়াসহ নানা প্রশ্নবানে জর্জারিত হন কাজী রকিবউদ্দীন। ব্রিফিং’র শুরুতেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সিইসি বিদেশ সফরের যৌক্তিকতা তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি অফিসিয়াল কাজ ও ব্যক্তিগত ছুটিতে আমেরিকায় ছিলাম। নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা আগেই নেয়া হয়েছিল। ছুটির ব্যাপারে সিইসি বলেন, আমাকে কারো কাছ থেকে ছুটি নিতে হয় না, আমার ছুটি আমি দেই। এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, আমি থাকলেও সহিংসতা হত। আমার উপস্থিতি ও অনুপস্থিতিতে কিছুই যায় আসে না। বর্তমান যুগে দূরত্ব এমন কোন বিষয় না। বিদেশ সফর নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দল কমিশনকে আদরে রাখে না বরং সব সময়ে সমালোচনা করে। তাদের লেজে পা পড়লে তো তারা (রাজনৈতিক) সমালোচনা করবেনই। উপজেলা নির্বাচনের পর অনেকে বলেছেন, নির্বাচনী ব্যবস্থাপনা নষ্ট হয়েছে, এজন্য ইসি, রাজনৈতিক দল না ভোটাররা দায়ী—এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে সহিংসতার দায়ভার কমিশন নেবে না। আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আইন-শৃঙ্খলায় সেনা মোতায়েন করা হয়েছে। এখন মানুষ যদি সহিংসতা করে তাহলে আমাদের কি করার আছে।