‘ইলিয়াস আলীকে খোঁজার আগ্রহ নেই পুলিশের’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪০
বিএনপি নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজে’র দুই বছরেও কোন কূল-কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি কি বেঁচে আছেন না-কি মরে গেছেন কোন প্রশ্নের উত্তরই মেলেনি গত দুই বছরে। খোঁজ মেলেনি তার গাড়িচালক আনসার আলীরও। ঘটনার পর ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদীর লুনা বনানী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছিলেন। প্রথম দিকে সেই জিডি নিয়ে আইন-শৃঙ্খলা তত্পরতা চোখে পড়লেও এখন তা থমকে আছে। তিনবার পরিবর্তন হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। সর্বশেষ তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) বদলি হয়েছেন সপ্তাহ খানেক আগে। এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়নি। ২৩ মাস পেরিয়ে গেলেও ইলিয়াস আলীর কোনো খোঁজ না পেয়ে তার পরিবারে এখন প্রবল হতাশা ঘিরে ধরেছে। দিন দিন ফিঁকে হয়ে আসছে তাদের আশা। ‘ইলিয়াস আলী ফিরে আসবেন’ এই আশা করতে করতে তার পরিবার এখন অনেকটাই নির্বাক। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলেও রাজি হন না ইলিয়াসের মা সূর্যবানু বিবি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন অপলক। আর হাত ইশারায় দেখিয়ে দেন, এখন তিনি একমাত্র সৃষ্টিকর্তার উপরই ভরসা করে আছেন। ইলিয়াসের পত্নী লুনাও শাশুড়ীর মতো ভরসা করছেন সৃষ্টিকর্তার উপর। তিনি বলেন, ‘প্রথম দিকে আগ্রহ থাকলেও এখন আর কোন আগ্রহ নেই আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের কোন তত্পরতাও চোখে পড়ে না।’ আর বাবাকে ফিরে পাওয়ার আশায় ইলিয়াসের দুই ছেলে আবরার ইলিয়াস ও লাবিব সারার এবং মেয়ে সাইয়ারা নাওয়াল অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর শুধু দীর্ঘই করছেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুত্ফুল কবীর বলেন, তদন্তে আগ্রহ নেই এমনটা বলা যাবে না। সাধ্য অনুযায়ী পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে। তবে এখন পর্যন্ত আশানুরূপ কোন ফলাফল পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, আলোচিত এই ঘটনার পর বনানী থানা পুলিশ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা বিষয়টি নিয়ে মাঠে নামে। কিন্তু কেউ ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি। এই দুই বছরে তদন্তকারী কর্মকর্তারা আদালতে ৩৬টি অগ্রগতি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে তা নামেই। সকল অগ্রগতি প্রতিবেদনের ভাষা একই। আমাদের বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, এম. ইলিয়াস ‘নিখোঁজ’র জের ধরে উত্তাল হয়ে ওঠেছিল পুরো দেশ। বিশেষ করে ইলিয়াসের নিজ জন্মস্থান সিলেটের বিশ্বনাথ ছিল বিক্ষুব্ধ। প্রতিবাদী মিছিল, শ্লোগানে প্রকম্পিত ছিল বিশ্বনাথ। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিশ্বনাথ উপজেলা বিএনপি দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং শুক্রবার উপজেলার সর্বত্র সকল মসজিদ-মন্দির-গির্জাসহ সকল ধর্মাবলম্বীর উপাসনালয়ে দোয়া মাহফিল। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুুলের সামনে থেকে গাড়ি চালক আনসার আলীসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে তার গাড়িতে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় চালক আনসার আলী নামলে পেছনের গাড়ি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা চালক আনসার আলী ও ইলিয়াস আলীকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন সন্ধান মেলেনি।