নিখোঁজ হওয়ার দুই বছরের মাথায় দলীয় পদও হারালেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এই দুইটি পদই এতদিন ছিল তার; কিন্তু অবশেষে গত মঙ্গলবার তাকে বাদ দিয়েই সিলেট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদেও ইলিয়াসের পরিবর্তে নতুন মুখ এসেছে। অবশ্য সিলেটের কমিটিতে ইলিয়াস না থাকলেও রয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা। এর মাধ্যমে রাজনীতিতেও আনুষ্ঠানিক পথচলা শুরু হলো ইলিয়াস পত্নীর। যদিও ইলিয়াস আলীর অনুসারী অনেক নেতাকর্মী লুনাকে কমিটির নেতৃস্থানীয় পদে চেয়েছিলেন; কিন্তু এটা না হওয়ায় তারা অসন্তুষ্ট।
গত মঙ্গলবার রাতে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটের নেতাদের নিয়ে ঢাকায় দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে ইলিয়াস অনুসারীরা তাহসিনা রুশদী লুনাকে প্রধান করে সিলেটের কমিটি গঠনের দাবি জানান। অবশ্য বিএনপি হাই কমান্ড এতে সায় দেয়নি। বৈঠক শেষে অ্যাডভোকেট নূরুল হককে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আবদুল গফফার, আবুল কাহের চৌধুরী শামীম, আবদুর রাজ্জাক, আলী আহমদ, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এমএ মান্নান ও এমরান আহমদ চৌধুরী। কমিটিতে এক নম্বর সদস্য রাখা হয়েছে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে।
