ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী অবশেষে মুখ খুলেছেন বহুল আলোচিত গুজরাটের দাঙ্গা নিয়ে। তিনি এক বার্তা সংস্থাকে সাক্ষাতকারে বলেছেন, তিনি ওই দাঙ্গার সময় নীরব ছিলেন না। সাংবাদিকরা তাকে যে ধরনের প্রশ্ন করেছেন তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। তবে কেউই এঘটনায় সত্যিটা জানতে চেষ্টা করেননি বলেও অভিযোগ করেন এবং এটাকে তিনি ষড়যন্ত্র বলেও অভিহিত করেন। খবর এনডিটিভি’র।
গতকাল বুধবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে বলেন, তিনি ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তবে তিনি এটাও স্বীকার করেন যে তিনিও সত্য ঘটনা জানার চেষ্টা কখনো করেননি। তিনি ১২ বছর আগে সংগঠিত এই ঘটনায় দু:খ প্রকাশ করেন। তিনি ২০০১ সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় তিনি কখনো ক্ষমা চাননি। এখন নির্বাচনের সময় বিষয়টি আবার জেগে উঠেঠে এবং মোদীকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাকে এই ঘটনায় জড়ানোর ফলে তিনি খুব ব্যথিত বলে জানান। তবে যারা এগুলো বলেন তাদের সঙ্গে কিভাবে তিনি তাল মিলিয়ে চলবেন সেটা তিনি বুঝতে পারেন না বলেও সাক্ষাতকারে উল্লেখ করেন। উল্লেখ্য, দেশটির সুপ্রিম কোর্টের একটি বিশেষ তদন্ত কমিটি তদন্ত করেও মোদীর বিরুদ্ধে কিছু পায়নি। গুজরাটের আদালতও এই তদন্তের সঙ্গে একমত পোষণ করেছে। তবে মোদীর সমালোচকদের অভিযোগ, তিনি দাঙ্গা দমনে যথেষ্ট ভূমিকার রাখেননি এবং মুসলিম সমপ্রদায়ের সঙ্গেও তার দলের সম্পর্ক খুব একটা ভাল মানের নয়। মোদী উত্তর প্রদেশের বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোদী বলেন, তিনি কাউকে পরাজিত করেননি, বরং তিনি সবার মন জয় করতে সক্ষম হবে এবং মুসলিমরা তার সঙ্গে সাক্ষাত করেছেন এবং তাকে সমর্থন জানিয়েছে। তিনি আরো বলেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে বড় পরাজয় হবে এবং বিজেপি তথা এনডিএ সবচেয়ে ভাল ফল করবে।
