প্রধানমন্ত্রীর ২৪ এপ্রিল বরিশাল সফর স্থগিত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪২
আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল বুধবার জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল কর্নকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন ও এক সুধি সমাবেশে বক্তৃতা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করার কথা ছিল। জেলা প্রশাসক মো. শহিদুল আলম বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর স্থগিতের সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ নেই। তবে পরবর্তীতে সফরসূচি জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপ করে জানা যায়, সাবেক সিটি মেয়র ও সংসদ সদস্য এ্যাডভোকেট শওকত হোসেন হিরনের অকাল মৃত্যুতে পুরো বরিশালবাসী গভীর শোকাহত। এ শোকবিধূর পরিবেশে প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনসহ কোন কর্মসূচিতে অংশ নিতে আসবেন না স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।