দশ ট্রাক অস্ত্র মামলা

নিজামীসহ ৪ জনের আপিল শুনানির জন্য গ্রহণ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪৩
দশ ট্রাক অস্ত্র মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমীর ও চারদলীয় জোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ চারজনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। এর মধ্যে দুইটি মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে নিজামীর পৃথক দুইটি আপিল রয়েছে। এছাড়া মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম ও উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে তারা আপিল করেন। এর আগে চোরাচালান মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে তাদের আপিল গ্রহণ করে হাইকোর্ট। গতকাল আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ আহসান শুনানি করেন। প্রসঙ্গত, দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুইটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র চোরাচালানের অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ৩০ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ও ২৫ডি ধারায় নিজামীসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করে। এছাড়া অস্ত্র মামলায় তাদেরকে যাবজ্জীবন দণ্ড দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে চার আসামি আপিল দায়ের করেন হাইকোর্টে।