ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, তারেক রহমান বিশেষ উদ্দেশ্য নিয়ে ইতিহাস বিকৃতি করে চলেছেন। রাজনৈতিক কৌশলে মার খেয়ে এখন আজেবাজে কথা বলছেন। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার রাজাকারদের ধরে বিচার করছে, ফাঁসির মঞ্চে তুলছে। তাই একাত্তরের ঘাতক জামায়াতের সাথে আপোসের প্রশ্নই ওঠে না। যারা এসব কথা বলেন তারাই খুনিদের গাড়িতে পতাকা তুলে দিয়ে আপোস করেছিল।
এর আগে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনে জেপির সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক এবিএম আজাদ, পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ড, সিভিল সার্জন ডা. লোকমান হাকীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
নাগেশ্বরী সংবাদদাতা জানান, দুপুরে উপজেলার কাছারী পয়ড়াডাঙ্গায় সাহেরা ওয়াসেক ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত সাহেরা ওয়াসেক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টেলিযোগাযোগ মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ জাফর আলী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল ওয়াসেক আহমেদ, জেলা প্রশাসক এবিএম আজাদ প্রমুখ।
