সন্ন্যাসী প্রেমিক

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ১৯:২৬
সমুদ্রটা সমুদ্র হওয়ার আগে কেঁদেছিলে খুব নাকি হেসেখেলে এসে গেলে নিজ মহিমায়! প্রথম উষার আলোর চুম্বনে জলের শরীর পূর্ণতায় ধন্য হলো মাণিক্যের সহস্র ভাণ্ডার আকাশের সাধনাও ছিল ঠিক সমুদ্রেরই মতো সলজ্জ হাসির ছোঁয়ায় সুবর্ণ না হয়ে দুঃখী হয়ে গেল নীল। পৃথিবীটা আগাগোড়া বিধাতার দ্বিতীয় কবিতা প্রথম প্রেম তাঁর লেপটে আছে সৃষ্টিশূন্যতায় কবিতার কিছু নাই — আছে এক সন্ন্যাসী প্রেমিক সমুদ্র চড়ায় কবি বালুচরে ঝরে যায় ফুলের বর্ষণ কবির মস্তিষ্ক তাই চিরকাল ফুলের বাগান প্রতিটি মানুষ কবি কারণ সে মরিতে চাহে না বেঁচে থাকা, মহাভোর মহাভয় মহাভালোবাসা।