‘ফ্লাট অথবা প্লট’ কোনোটাই কেনা হয়নি আমার, কারণ, আমি একটা পাহাড় কিনতে চাই... পাহাড় ভালোবাসি বলে নয়, আমি আসলে আকাশটাকেই বেশি ভালোবাসি তার কাছাকাছি থাকতে চাই আর সকাল বিকেল তাকে ছুঁতে চাই বলেই আমার পাহাড় কেনা জরুরি... আকাশের সাথে সখ্য যার সমতলের নাগরিক মানুষ কিভাবে বুঝবে তাকে? সেই আকাশটুকুর মালিকানা কেউ যাতে দাবি করতে না পারে, তাই নিদেন পক্ষে কিনে রাখবো এক বিঘা আকাশ তাতে পাহাড়টারও হলো একটা বেলকনি, আকাশের সেই অংশটুকুই আমার চাই যার সরলরেখায় আছে চাঁদের গতিপথ। চাল চুলো কিছুই না দিতে পারলেও সেই এক বিঘা আকাশের চাঁদের একচ্ছত্র অধিকারটুকু আমি তোমাকে ছাড়া আর কাউকে দেব না ।
