নষ্ট হব, হবে?

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ১৯:২৭
আর হব না শুদ্ধ আমি, চাই নে কেহ শুদ্ধ হোক; শুদ্ধ হবার সকল দুয়ার একে একে রুদ্ধ হোক! নষ্টসাগর উঠুক ফুঁসে, কাঠফাটা হোক শুদ্ধ নদ; চায়ের কাপটি করুক দখল নাম-না-জানা নষ্ট মদ! নষ্ট জীবন, নষ্ট আগুন, শুদ্ধসাধু সিদ্ধ হোক; নষ্ট ধনুক, নষ্ট তীর, সাধ্বীরা সব বিদ্ধ হোক! নষ্ট হোক গান-কবিতা, নষ্ট হোক শুদ্ধ ঠোঁট; চুমুর বদল শরাব খাব, মাতাল-মাতাল ঐক্যজোট! কষ্ট দেব, কষ্ট নেব, এক পৃথিবী কষ্ট হব; সাধুসকল সরে দাঁড়াও, এবার আমি নষ্ট হব! অবাকপ্রেমের মিলবে দেখা নষ্ট হলেই তবে; এক পৃথিবী, এক আহ্বান—নষ্ট হব, হবে?