চাপ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ১৯:২৮
পুজোর মন্দিরে এত এত পাহারা! প্রণম্য মন্দিরে রেখেছিলাম লাল-সবুজ আর তামাটে যে তিন পাথর, খুঁজে পাচ্ছি না আর! খুঁজে পাচ্ছি না প্রণামের প্রসাদ। কোথায় তবে ভোগ দেবো? কাকে তবে ভোগ দেবো? পাহাড়ে-সমতলে আর জলে, ও হীরক পাথর, ও আমার প্রণামের রঙিন পাথর কোথাও খুঁজে পাচ্ছি না তোমাদের। প্রতিদিন ভূমিকম্প। প্রতিদিন প্রেসারকুকারে দম আটকে রঙিন রঙের প্রজাপতি, রঙিন রঙের পাথরেরা গুঁড়ো হয়ে, ধুলো হয়ে, জল হয়ে বাষ্পে মিশে গেলে এই সন্ত্রাসে কেমন করে বাঁচি! শান্তসন্ত্রাসে প্রেসারকুকারের মুখ হাঁ হয়ে গিলে নিলে, ও আমার প্রণামের প্রজাপতি, ও আমার রঙিন পাথর, বলো; আমরা তাহলে কেমন করে বাঁচি?