গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি ৮৪ লাখ টাকা কম। অর্থাত্ প্রায় ১৬ শতাংশ লেনদেন কমেছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শর্ত পূরণ করায় এ্যাপোলো ইস্পাতকে ডিএসইর সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে এ কোম্পানির শেয়ার দর হ্রাস-বৃদ্ধির প্রতিফলন ঘটবে সূচকে।
জানা গেছে, তিন মাসের ব্যবধানে দেশের পুঁজিবাজারে ১ লাখ ৩৩ হাজার ১১০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বেড়েছে। প্রাথমিক গণপ্রস্তাবকে (আইপিও) কেন্দ্র করে বিও বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। চলতি বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখে বিও অ্যাকাউন্ট ছিল ২৮ লাখ ৩৯ হাজার ৭৭৬টি। যা বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১১০টি বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৭২ হাজার ৮৮৬টিতে। তথ্য মতে, বর্তমানে ২৯ লাখ ৭২ হাজার ৮৮৬টি বিওর মধ্যে ২১ লাখ ৯০ হাজার ৩৯৬টি পুরুষ, ৭ লাখ ৭২ হাজার ৬০০টি মহিলা এবং ৯ হাজার ৮৯০টি কোম্পানি অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া প্রবাসীদের (এনআরবি) ১ লাখ ৪৮ হাজার ৩২৪টি বিও হিসাব রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সেকেন্ডারি বাজারে আশানুরূপ মুনাফা না পাওয়ায় প্রাইমারি মার্কেটের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
