গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য ৫ গ্রাম

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:০২
শেরপুরের নালিতাবাড়ী থানায় ডিবি পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার আতঙ্কে ভয়ে ১৮ দিন যাবত্ সীমান্তবর্তী নন্নী ইউনিয়নের পাঁচটি গ্রাম পুরুষ শূন্য। দিনের বেলায় কিছু লোকজন কাজকর্ম করলেও সন্ধ্যার পর তারা চলে যান নিরাপদ আশ্রয়ে। ইউনিয়নের ডেকরাপাড়া, বাজুপাড়া, নয়াপাড়া, বন্ধধারা ও বাইগরপাড়া গ্রামে গত শনিবার গেলে এলাকাবাসী জানায়, রাতে পুলিশের ভয়ে ওই গ্রামগুলোর প্রায় চার হাজার পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন। ২৫ মার্চ ডিবি পুলিশ উপজেলার নন্নী বাজারে মাদকসহ হাবিবুর রহমানকে আটক করে। পরে তার দেয়া তথ্যে আটক করে শাহিন মিয়াকে (৩০)। এসময় শাহিনের চিত্কারে এলাকার লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশকে মারধর করে। এতে পাঁচ পুলিশ আহত হয়। এ ফাঁকে শাহিন সটকে পড়ে। এই ঘটনায় মাদকদ্রব্য আইনে ও পুলিশের কাজে বাধা দেয়ায় ২৮ জনের নামসহ অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। নন্নী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা নিরাপদে ব্যবসা করতে চাই। নিরীহ কাউ যেন হয়রানি না হয় এটাই আমাদের চাওয়া। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বলেন, ঘটনা করছে ৬/৭ জন। এদের বিচার হউক। অন্যরা যেন হয়রানি না হয়। ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নন্নীর ঘটনাটি জেলা থেকে নিয়ন্ত্রণ করছেন। তবে পুলিশের গায়ে হাত দেয়া ঠিক হয়নি।