দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নিকলীতে একজন নিহত
কিশোরগঞ্জের নিকলী থানার এক কনস্টেবলের মোটরসাইকেলের চাপায় গত বুধবার বিকালে আব্দুল মান্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে কনস্টেবল ঘটনাস্থল ত্যাগ করেন। আব্দুল মান্নান বেড়ি বাঁধে ঘুরে বেড়ানোর সময় বেপরোয়া গতির মোটরসাইকেলে চাপা পড়েন। তাকে উদ্ধার করে নিকলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান। মোটরসাইকেলটি নিকলী থানার বলে ওসি স্বীকার করেন।
কুমিল্লায় একজন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।
পঞ্চগড়ে পাথর ব্যবসায়ীর মৃত্যু
পঞ্চগড় জেলা সদরের যূগীকাঁটা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মাহাবুবার রহমান মাহবুব (৩০) নামে এক পাথর ব্যবসায়ী মারা গেছেন। তিনি ধাক্কামারা ইউপি চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী সমিতির সভাপতি আমানুল্লাহ বাচ্চুর একমাত্র পুত্র। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, পঞ্চগড় থেকে সকালে মাহাবুব মোটরসাইকেলে তার স্ত্রী এইচএসসি পরীক্ষার্থী সুইটি বেগমকে আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ কেন্দ্রে পৌঁছে দিতে যান। বাড়ি ফেরার পথে যূগীকাঁটা এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বড়াইগ্রামে গৃহবধূর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল স্কুল পাড়ায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে রোজিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, বুধবার রাতে ঝড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
সৈয়দপুরে কৃষকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে গত বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে আনারুল (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তারে আটকে গিয়ে আনারুল বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বড়াইগ্রামে হিটস্ট্রোকে ছাত্রের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে হিটস্ট্রোকে সজীব হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। নিহত সজীব কচুগাড়ি ফকিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং খাকড়াদহ পূর্ব কান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সজীব বন্ধুদের সাথে দেশাত্মবোধক গান গাইছিল। এ সময় হঠাত্ সজীব মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষকরা তাকে স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত বলে জানান।
ভাঙ্গায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পরানপুর গ্রামে গত বৃহস্পতিবার অগ্নিদগ্ধে আহত রোজিনা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন স্বামী দুবাই প্রবাসী ইলিয়াছ মাতুব্বরের সাথে স্ত্রী রোজিনার মোবাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোজিনা সবার অজান্তে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিত্সক দিয়ে চিকিত্সা করান। এতে রোজিনার শরীরে পচন ধরলে এলাকার ইউপি চেয়ারম্যান দুদু মিয়ার হস্তক্ষেপে তাকে গত বুধবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে নেয়ার পথে তিনি মারা যান।
