পাটগ্রামে সরকারি বালিকা বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠিত
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা\ পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। এ সময় পৌর মেয়র শমসের আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
আগৈলঝাড়ায় কচ্ছপ মেলা পণ্ড
বরিশাল অফিস \ বন বিভাগের কঠোর নিষেধাজ্ঞার কারণে এবার আগৈলঝাড়ায় কচ্ছপ মেলা হয়নি । প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উপজেলার ত্রিমুখী কদম বাড়িতে মেলা উপলক্ষে কচ্ছপ মেলার পশরা বসতো। ওই এলাকা ও পার্শ্ববর্তী এলাকার হিন্দু সমপ্রদায়ের লোকজন মেলা থেকে কচ্ছপ ক্রয় করতো। এবং আয়োজন করা হতো ভূরিভোজের। এ প্রাণীটি প্রায় বিলুপ্তির কারণে সরকার এর শিকার ও বিক্রি সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে। এজন্য এ বছর বন বিভাগের কর্মকর্তারা এ মেলায় হানা দিয়ে বিপুল সংখ্যক কচ্ছপ জব্দ করে পয়সার হাট নদীতে মুক্ত করে দেয়।
বেলাবতে উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর
বেলাব (নরসিংদী) সংবাদদাতা\ প্রথম দফা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বেলাব উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন। গত বুধবার বেলাব উপজেলা মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ অ্যাডঃ নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া আট ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আদিতমারীতে কেঁচো সার সম্পর্কে ডিলার সম্মেলন
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংযোগ পিকেএসএফ-এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ আদিতমারী এলাকার বাস্তবায়নে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগে সংযোগ প্রকল্পের আয়োজনে কেঁচো সার সম্পর্কে ডিলার সম্মেলন গত বুধবার ভাদাই ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট ইউনিট-এর কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন কৃষক সৈয়দ রহমান ভান্ডারী, স্বপ্না রানী, এলাকা ব্যবস্থাপক আব্দুল গণি প্রমুখ।
বড়াইগ্রামে এমপিকে গণসংবর্ধনা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সীমান্তে আলীপুর দাখিল মাদরাসার উদ্যোগে স্থানীয় সংসদ সদস্যকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার মাদরাসা চত্বরে সাবেক চেয়ারম্যান আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল, পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক শাহ আলম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আমীর হামজা ও শিক্ষার্থী আফরোজা খাতুন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা আশরাফুল ইসলাম।
ময়মনসিংহে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক সভা
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক আয়োজিত ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ঃ স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা খাতুনের সভাপতিত্বে গত বুধবার এ সভায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সিভিল সার্জন আ.স.ম. ডা. আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এস জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল মামুন, জেলা আনসারে কমাডেন্ট ড. সাইফুর রহমান, মোটর মালিক সমিতির সভাপতি মমতাজউদ্দিন আহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউল করিম খোকন, যুগ্ম সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ এতে বক্তব্য রাখেন।
রামগড়ে অস্ত্র ও গুলিসহ ২ উপজাতীয় সন্ত্রাসী আটক
রামগড় (খাগড়া ছড়ি) সংবাদদাতা\ রামগড় উপজেলার পাতাছড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি ৩.২ রিভলবার ও ৪ রাউন্ড তাজা গুলিসহ দুই উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে ৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। গত বুধবার ভোর রাতে পাতাছড়া ইউনিয়নের জুম্মপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আহসানুর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা হলেন, চাইলা মারমা (২৫), সিংগীনালা,মগপাড়া খাগড়াছড়ি সদর ও পুষ্টু কুমার ত্রিপুরা (৩২), মানিকচন্দ পাড়া, রামগড়। আটককৃতদের রামগড় থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
শালিখায় প্যাথলজি ক্লিনিকে চুরি
শালিখা (মাগুরা) সংবাদদাতা \ শালিখা উপজেলার হাজরাহাটি বাজারের একটি প্যাথলজি ক্লিনিকে গত বুধবার রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ক্লিনিকটি থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে তিনদিন পূর্বে উপসম হেলথ কেয়ার সেন্টার নামক ক্লিনিকটির উদ্বোধন করা হয়েছে। চোরেরা ক্লিনিকের ভেন্টিলেটরের ফোকর দিয়ে ঘরে প্রবেশ করে একটি দামি ইসিজি মেশিন ও একটি মাইক্রোসকোপ নিয়ে গেছে।
পীরগঞ্জে ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক উন্নয়নে শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। প্রকল্প ব্যবস্থাপক-সাগর ডি-কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন-পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি-সরওয়ার জাহান। বক্তব্য রাখেন-প্রকল্প কর্মকর্তা- ফারুক হোসেন, ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য-ইসাহাক আলী খোকা মিয়া, কৃষি সুপারভাইজার-গোলাম আজম, ইকোএফ আক্কাছ আলী, ব্যবসায়ী হাফিজার রহমান, মোজাহার আলী প্রমুখ।
মোরেলগঞ্জে নিরাপদ পানির উত্স বিষয়ক কর্মশালা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাধীন এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসায় গত বুধবার বিকেলে নিরাপদ পানির উত্স ব্যবহার বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচি মোরেলগঞ্জ এডিবির আয়োজনে তত্ত্বাবধায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আব্দুল হাকিম। কর্মশালায় মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন সংস্থার অর্গানাইজার সজল চন্দ্র হালদার। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বুরহানে সুলতান, সালমা শাহিরীন প্রমুখ।
লালমনিরহাটে শহীদ কামরুজ্জামান স্মৃতি পাঠাগার উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার ১৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার পরিচালনায় জাতীয় নেতা শহীদ কামরুজ্জাম স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহীর সাবেক সিটি মেয়র এ, এইচ এম খাইরুজ্জামান। বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, সদর উপজেলার সাধারণ সম্পাদক জহুরুল হক মামুন, সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক বাব প্রমুখ।
মদনে শিক্ষককে শোকজ নোটিস
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মদন উপজেলার ২নং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিরা খাতায় অগ্রীম স্বাক্ষর করায় শোকজ করেছে কর্তৃপক্ষ। জানা যায়, উপজেলার ২নং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মিয়া ৬ এপ্রিল স্কুলের কার্যক্রম শেষে ৭ এপ্রিলের অগ্রীম স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগ করেন। ৭ এপ্রিল মদন উপজেলার নবাগত শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান আকস্মিক পরিদর্শনে উক্ত বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মিয়াকে বিদ্যালয়ে অনুপস্থিত পান। এ সময় বিদ্যালয়ের হাজিরা খাতায় তার অগ্রীম স্বাক্ষর পান। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা কর্মকর্তা উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মিয়াকে অগ্রীম স্বাক্ষরের বিয়ষটি জবাব দেয়ার জন্য কারণ দর্শানোর নোটিস জারি করেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মানিক মিয়াকে বারবার মোবাইল ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক স্থানীয় সরকার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সাধারণ পাঠাগার মিলনায়তনে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) জেলা কমিটি এই সভার আয়োজন করে। জেলা এলজিজেএফ’র সহসভাপতি আজিজুর রহমান শিশিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। এতে বক্তব্য রাখেন, ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন প্রমুখ।
