স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
লোটোর পৃষ্ঠপোষকতায় আগামীকাল শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে ২৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রাম ক্লাবের ব্যবস্থাপনায় দেশের আটটি ক্লাব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ৫৭ জন প্রতিযোগী শ্রেষ্ঠত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, কুমিল্লা ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ক্লাব ও স্বাগতিক চট্টগ্রাম ক্লাব। প্রতিযোগিতার জন্য বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা। স্পন্সর প্রতিষ্ঠান লোটোর পক্ষ থেকে দেয়া হয়েছে ৫ লাখ টাকা। অবশিষ্ট অর্থ দেবে আয়োজক চট্টগ্রাম ক্লাব। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫০ হাজার এবং রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা। আর হায়েস্ট ব্রেকে লাভ করবে ২০ হাজার টাকা।
আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম ক্লাবের স্নুকার রুমে প্রতিযোগিতার উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে আয়োজকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেম্বার ইনচার্জ এসএম শফিউল আজম স্নুকার আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান ডা. ওমর ফারুক ইউসুফ, ক্লাব কর্মকর্তা শাহীন আফতাবুর রেজা চৌধুরী, শোভন শাহাবুদ্দিন রাজ ও স্পন্সরের পক্ষে সৈয়দ হাসেম।
