পাকিস্তানে আর যুদ্ধবিরতি নয়

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:২৯
সাময়িক যুদ্ধবিরতি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানি তালেবান। গত বুধবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে পাকিস্তানি তালেবান (টিটিপি) এর পক্ষ থেকে জানানো হয়, তাদের কেন্দ্রীয় পরিষদ সরকারের সাথে যুদ্ধবিরতি আর সম্প্রসারণ না করার বিষয়ে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে। কেননা সরকার তাদের প্রাথমিক দাবি-দাওয়ার ব্যাপারে একেবারে মৌন ভূমিকা পালন করেছে। তবে শান্তি আলোচনা চালানোর ক্ষেত্রে সংগঠনের সমস্যা নেই। এদিকে তাদের এ ঘোষণা আসার পর দেশটির সরকারের কাছ থেকে তাত্ক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। যদিও টিটিপি’র সঙ্গে শান্তি আলোচনা চালানো দেশটিতে গত বছর অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার ছিল। গত মার্চ মাসে দেশটিতে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে দুই পক্ষই এক মাসের যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছিল। পরে এর মেয়াদ আরো ১০ দিন বাড়ানো হয়। এ বছরের প্রথমদিকে দেশটিতে জঙ্গি তত্পরতা শেষ করার লক্ষ্যে সরকার টিটিপি’র সঙ্গে আলোচনা শুরু করে। কিন্তু তালেবানের এ ঘোষণা আসার পর শান্তি আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে অনেকে ধারণা করছেন।