মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১১৯ সমর্থককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত অক্টোবরে মুরসির পতনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভে জড়িত থাকার ঘটনায় তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। বুধবার ঘোষিত এ রায়ে বিচারক হাজেম হাসাদ ছয় অভিযুক্তকে খালাসও দেন। গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে মিসরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর রাজপথে বিক্ষোভে নামে তার অনুসারীরা।
একমাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে সহস্রাধিক মানুষ নিহত হন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়। গত ৬ অক্টোবর মুরসি সমর্থকদের এক বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রায় দেয়া হয়। মুরসি মিসরের ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের নেতা। দেশটির ইসলামপন্থি নাগরিকরাই মূলত তার ক্ষমতাচ্যুতির প্রতিবাদে রাজপথে বিক্ষোভ দেখায়।
সেনা-সমর্থিত মিসর প্রশাসন ইতোমধ্যেই মুরসির দল ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে। দলটির হাজার হাজার নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এখন বিচারের মুখোমুখি। সহিংসতার আরেক মামলায় গতমাসে ৫২৯ মুরসি সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
এছাড়া ব্রাদারহুডের শীর্ষ নেতারাও গুরুতর অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছে। মুরসি পরবর্তী মিসরের রাষ্ট্রপতি হওয়ার জন্য গতমাসেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। নির্বাচনে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় তার জয়ের সম্ভাবনা অনেক বেশি।
