ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে মশার উত্পাত সারা বছরই থাকে। দিনের বেলাতেও ইদানিং মশার উপদ্রব বেড়েছে। পশ্চিম রসুলপুর এলাকার উত্তর পাশে বিশাল খাল ও জলাভূমি মশার প্রজনন ক্ষেত্র। এ এলাকায় বসবাস কঠিন হয়ে গেছে। লেখাপড়া, রাতের আহার এবং ঘুমানো সবকিছুতেই সমস্যার সৃষ্টি হচ্ছে। বিগত সময়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খাল ও জলাভূমিতে মশার ওষুধ দেয়া হয়েছিল। কিন্তু তার পর আর এই এলাকায় মশার ওষুধ ছিটানো হয়নি। এলাকাটি ডিসিসি আওতাভুক্ত এবং ওয়ার্ড নম্বর ৫৫। মশার কারণে ম্যালেরিয়া জ্বর এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে বিনীত আবেদন এই যে, অবিলম্বে এখানকার জলাশয়ে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করে আমাদের মশার হাত থেকে বাঁচান।
মোহাম্মদ সোহেল খাঁ, ৫২ পশ্চিম রসুলপুর, ঢাকা ১২১১
