যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। মন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার এই চেকের পাশাপাশি শিক্ষক সমিতির নগদ অর্থও বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ সহায়তার চেক ও অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত ৯ শিশুর প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে এবং আহত আরও ৯ শিশুর প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। একইসাথে নিহতের প্রত্যেক পরিবারকে ৭১ হাজার টাকা করে প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা।
প্রসঙ্গত গত ১৫ ফেব্রুয়ারি যশোরের চৌগাছায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৭ শিশু নিহত ও আহত হয় আরও অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী। আহতদের মধ্যে পরে আরও দু’শিশু মারা যায়।
