মীর্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৫৭
প্রয়োজনীয় চিকিত্সক ও জনবল সংকটসহ নানা কারণে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা সেবা বিঘ্নিত হচ্ছে। এক্সরে মেশিন অচল। জেনারেটর নষ্ট। প্যাথলজিক্যাল টেষ্ট হয় না। এখানে আসা অধিকাংশ রোগীকে সুচিকিত্সার জন্য অন্যত্র যেতে হচ্ছে। ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত মীর্জাগঞ্জ উপজেলায় প্রায় দুই লাখ মানুষের জন্য চিকিত্সক রয়েছেন মাত্র দুইজন। ২০০৯ সালের ৯ জুন ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় চালুর পর এখানে এমবিবিএস ডাক্তারের পদ সৃষ্টি করা হয় ২১টি। বর্তমানে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্স চলছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ দুইজন ডাক্তার দিয়ে। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে একজন ডাক্তার দিয়ে ইনডোর ও আউটডোরের রোগীদের চিকিত্সা সেবা দিতে হচ্ছে। ইনডোরের রোগী ছাড়াও প্রতিদিন ১২৫ থেকে ১৫০ জন রোগীকে আউটডোরের চিকিত্সা দিতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়ার কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (অর্থপেডিক্স), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথিসিয়া), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), আবাসিক মেডিক্যাল অফিসার, প্যাথলজিষ্ট, মেডিক্যাল অফিসার (ইএমও) দুইজন, অ্যানেসথেসিষ্ট), মেডিক্যাল অফিসার (ইনডোর) ও ডেন্টাল সার্জন পদটি দীর্ঘদিন শূন্য রয়েছে। এছাড়া উপজেলার মহিষকাটা, চৈতা ও চালিতাবুনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের কোনটিতেই ডাক্তার নেই। ঐ সব উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল এসিস্ট্যান্ট কর্মরত থেকে কোন রকম দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। পাঁচজন সিনিয়র স্টাফ নার্স, তিনজন মেডিক্যাল টেকনোলজিষ্ট (ল্যাব), দুইজন মেডিক্যাল টেকনোলজিষ্ট (ফার্মা) ও মেডিক্যাল টেকনোলজিষ্টের (রেডিওগ্রাফার) পদ শূন্য রয়েছে। এদিকে প্রায় দশ বছর ধরে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে আছে। মেডিক্যাল টেকনোলজিষ্ট (ল্যাব) পদ শূন্য থাকায় এখানে রক্ত ও মল-মূত্র পরীক্ষা হয় না। জেনারেটরটির ব্যাটারি ডাউন হয়ে গেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমস্যাই হচ্ছে জনবল।