পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে স্পন্সর করছে হাজী সেলিমের প্রতিষ্ঠান মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট। এখন থেকে রহমতগঞ্জের জার্সির গায়ে টাইগার সিমেন্ট কথাটি লেখা থাকবে। গতকাল নতুন জার্সি ক্লাবের হাতে তুলে দেয়া হয়েছে। বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা জানান মদিনা গ্রুপের সাথে তাদের চুক্তিটা হয়েছে চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের জন্য। রহমতগঞ্জ এখন লিগের পয়েন্ট তালিকায় এক নম্বরে। মাঠের পারফরম্যান্স ভালো হলে মদিনা গ্রুপ তাদের হাত আরো বেশি প্রসারিত করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক আব্দুল কাইউম। ১১ সদস্যের এডহক কমিটি রহমতগঞ্জকে পরিচালনা করছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রহমতগঞ্জের সদস্য সচিব ইমতিয়াজ হামিদ বলেন, ‘আগামীতে এই সংগঠনটির সভাপতির আসনে বসবেন হাজী সেলিম। উনি আমাদের পাশে থাকার কথা জানিয়েছেন।’
